চেতনায় নজরুল || কবিতা গুচ্ছ ~ ৭




পোস্ট বার দেখা হয়েছে

ফিরে এসো নজরুল

 সঞ্জয় বৈরাগ্য


দ্বেষ-বিদ্বেষ, হানাহানি জর্জরিত এ ধরায়,

দীর্ঘ নির্জনে আজও অনুভব করি তোমার অনুপস্থিতি।

কালের ইতিহাসের অনাক্রমণীয় ঘন তমশায়, 

আজ যে বড়ই প্রয়োজন তোমাকে, ফিরে এসো তুমি।

দুষ্ট বিদেশী শাসক গোষ্ঠীর নিপীড়নে 

যখন পরিশ্রান্ত, শোষিত এদেশবাসী,

ঠিক সেই অগ্নিমুহূর্তে গর্জে উঠল, তোমার কলম।

ভয় পেল বিদেশী শাসক !

তোমার 'অগ্নিবীণা'-য় ঝঙ্কার উঠে আঘাত হানে

'বিষের বাঁশী' ধরালো কাঁপন অত্যাচারী শাসকের প্রাণে।

পরাধীনতার শৃঙ্খলমোচনে তোমার জীবন দর্শন,

কে হিন্দু, কে মুসলিম --- বন্ধ করলে এ বিভাজন।

তুমিই রচিলে, 'মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান',

উজ্জীবিত করলো তরুণ দলকে, তোমারই সাম্যের গান।

হে বীর, যুগ সৈনিক ও কবি কাজী নজরুল ইসলাম,

তোমার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও প্রণাম।

====

চির বিদ্রোহী তুমি

গোবিন্দ মোদক


তুমি অগ্নিবীণা বাজালে 

কারার ঐ লৌহকপাটে ঝনঝন শব্দ হয়। 

রণতূর্য বাজালে রক্তে দামামা বাজে। 

সাম্যবাদী আর সর্বহারার দল 

অধিকার ছিনিয়ে নেবার প্রত্যয়ে বলীয়ান হয়

তুমি সাবধান বাণী শোনাও, 

কাণ্ডারীকে হুঁশিয়ার করো। 

জাতের নামে সব বজ্জাতি দূর করে তুমি 

একই বৃন্তে দু’টি কুসুম 

ফোটানোর চিরন্তন স্বপ্ন দেখো। 

তোমার অন্তরে বাজে যে বিষের বাঁশি 

তা সমাজের জঞ্জালকে দূর করে 

প্রেমে ও প্রতিবাদে 

নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখে।

কিন্তু আমরা?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ