সবুজের শপথ / জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

( বিশ্ব পরিবেশ দিবসকে মনে রেখে)

----------------------------------------------

একবার তুমি প্রকৃতিকে ভালোবাসো 

পেয়ে যাবে প্রিয় অমৃতের সম্ভার 

একবার তুমি মানুষের হাত ধরো 

লক্ষ আলোয় মুছবে অন্ধকার।


দেখো চারপাশে দূষণের দাবানল

দেখো চারপাশে সবুজের অমানিশা

মাটি আর জলে মিশেছে মারণ বিষ 

বারুদ- বাষ্পে শঙ্কিত আজ দিশা।


প্রকৃতি আমার মায়ের নিবিড় কোল 

অমলিন স্নেহ, আশীর্বাদেই ভরা

লক্ষ প্রাণের বিচিত্র লীলাভূমি 

আনন্দগানে চিরায়ত হোক ধরা।


প্রতিবাদ- প্রেম সৃষ্টিতে মায়াময় 

আলোসাথী হয়ে জীবনের অভিসার 

সমাজ দূষণে বিপন্ন সভ্যতা 

মুছে দাও তুমি মানুষের হাহাকার।


ফিরে এসো আজ শপথের ধরি হাত

দিকে দিকে হোক বৈরিতা অবসান 

সবুজ পৃথিবী হোক আমাদের ব্রত 

প্রগতি লিখুক সমন্বয়ের গান।


একবার তুমি প্রকৃতিকে ভালোবাসো 

পেয়ে যাবে প্রিয় অমৃতের সম্ভার 

একবার তুমি মানুষের হাত ধরো

লক্ষ আলোয় মুছবে অন্ধকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ