পোস্ট বার দেখা হয়েছে
শাসন নামাঙ্কিত অবাঞ্ছিত শোষণ
অভিসারে কতশত বিদ্রোহ দমন
পাতা ওল্টালে ইতিহাসের বাকলে
একে একে বেরিয়ে পড়ে লাশের স্তূপ,
পোড়া হাড়-মাংস, রক্তগঙ্গা।
পাতায় জল ঢেলে চিতা নিভিয়ে দিলে
ইতিহাসের অস্থি বিসর্জন হয় না
বরং জল-মাটির শিরোনামে
পরাধীনতার বদ্ধমূল উপন্যাস
নতুন করে সিক্ত হয়।
স্বাধীনতা যাপনে তেরঙ্গার বাঁধন খুলে গেলে
ফুলের সাথে ঝরে পড়ে
প্রাচীন জাতির বিপন্নতা
হাওয়ার গোলমেলে সঞ্চালনে
অশোকের চাকায় সাম্যবাদ পাক খেতে থাকে।
এখনও এমন দিনে স্কুলের মাঠে মাঠে
লক্ষ শিশুর নিষ্কলুষ বুকে
জাতীয়তাবাদের জন্ম হয়।
হয়ত এভাবেই কোনও এক যুগে
দেশাত্ববোধ ক্ষণজন্মার দুর্ভাগ্য পেরিয়ে
দীর্ঘজীবী হয়ে উঠবে।

0 মন্তব্যসমূহ