স্বাধীনতা নীরবে কাঁদে || মৌমিতা চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

 স্বাধীনতা, 

জন্মক্ষণে তুমি পা রেখেছ অভিজ্ঞতার দোরে।

তুমি  কী আদৌ স্বাধীন হয়েছ?

স্বীকার করো শুভক্ষণের ভোরে।


স্বাধীনতা, 

তোমায় যাঁরা ধরেছিল গর্বিত গর্ভে,

যে অমৃতে বেড়েছিল তোমার দীর্ঘ লালিত প্রাণ,

মনে কি রেখেছ?  তুমি তাঁদের ইতিহাস !

 তাঁদের বিনম্র আত্মবলিদান?


স্বাধীনতা, 

তোমার শরীরে কেন, অত বারুদের গন্ধ?

দেখতে পাচ্ছ পথে উড়ছে  মা-বোনেদের ইজ্জত ধ্বজা?

ক্লেদাক্ত আস্ফালনে তোমার মুখ কেন বন্ধ?

স্বাধীনতা বুঝেছ তাহলে , স্বাধীন হ‌ওয়া নয় অত‌ই সোজা!


স্বাধীনতা  তুমি শুনতে পাচ্ছ?

শিক্ষিতের তকমাধারী,

অশিক্ষিত ভ্রষ্টাচারীর অহংকারী নিনাদ!

তুমি নিশ্চুপ! গর্জে উঠে করোনা তো প্রতিবাদ?

পাপাচারে পদস্খলন এড়ায় তোমার চোখ।

বৈষম্যের ছুরিকাঘাতে নিহত প্রাণের প্রতি 

তোমার এতটুকুও নেই শোক!


স্বাধীনতা, 

রক্তাক্ত তোমার সাধের শিক্ষাভূমি।

স্বার্থপরতা রন্ধ্রে বেঁধেছে বাসা,

কর্মহীনতার শিকার আজ সজীব উদ্যমী,

 জরাগ্রস্ত,

আগামীর যত সবুজ,সতেজ  আশা।


স্বাধীনতা তোমার অট্টালিকায় বাস,

ক্ষমতার বশে ভরিয়ে দিচ্ছ পুঁজিপতিদের মুষ্ঠি,

শুধু নির্দ্বিধায় দিনের পর দিন, 

কাড়ছ কেমন দুঃখিনী মায়ের শেষ অন্ধের যষ্ঠি।


স্বাধীনতা, তুমি শিখন্ডী প্রতিরূপ।

বাতাস মুখর আত্মপ্রচারী ঢাকে,

অসহায় জাতি পায়না বিচার সুখ,

লজ্জা লুকায়, প্রহসনের‌ই ফাঁকে।


স্বাধীনতা তুমি রাজা ও রানীর দাস,

তুমি লক্ষ্যভ্রষ্ট, ভ্রান্ত বিপথগামী।

হিংসার আগুন পোড়ায় তোমার লাশ,

প্রভাব মনুষ্যত্বের চেয়েও দামী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ