পোস্ট বার দেখা হয়েছে
চিরন্তন
ঊষার আলোয় ভিজুক প্রান্তর
ধরণী শিহরিত হোক বেদমন্ত্রে !
নতুন আলো দোলা দিয়ে যাক -
ধানের শীষে পুলক জাগিয়ে।
দিকে দিকে ছড়াও গীতার বাণী
স্পন্দিত হোক ভারতের আত্মা !
অশান্ত হৃদয়ে পড়ুক ঝরে -
কর্মের ও ধর্মের প্রকৃত বার্তা।
যত ইমারত আছে ভাঙো সব
তৃণে , জলাশয়ে ভরাও মৃত্তিকা,
আহ্বান জানাও বিশুদ্ধতাকে -
দূর করো আছে যত অরাজকতা।
ঐ শোন বাজে সত্যের গীত!
সন্ধ্যা নামে বিজয়ের পবনে ,
পূর্ণ চন্দ্র ভেসে ওঠে আকাশে-
শান্তি নামে গৃহস্থে, আশ্রমে।
=========
হারিয়ে খুঁজি
চল আজ তোর সাথে আরো একবার হারিয়ে যাই
শুরু করি আবার সেই ছোট্টবেলা -
কাকভোরে শিউলি ফুল তোলা ! মাকে না জানিয়ে বন্ধুর বাড়ি যাওয়া - বৃষ্টিতে ভিজে লুকিয়ে বাড়ি ফেরা।
জানিস , এখন বকুলের গন্ধ খুঁজে আর পাই না!
'শাখা চাই মা শাখা' সেই লোকটাও আর ডাকে না!
শিল কাটাও - রা ছুটি নিয়েছে বুঝি ?
কোথায় গেল দলবেঁধে সেই খেলা ?
' কানামাঝি ভো ভো যাকে পাবি তাকে ছোঁ ',
গাদির কোটে চটি জোড়া খুঁজে না পাওয়া ?
কুমিরের ভিড়ে জলে আর না নামা ?
কোথায় গেল পাঁকা তেঁতুল খাওয়া ?
আসুক ফিরে রেজাল্ট বেরানোর ভয়,
অঙ্কে পাশ করে মনে আসা উদ্দাম জয়।
কোথায় গেল গরমের ছুটির মনখারাপের বেলা ?
আসুক না ফিরে স্বাধীনতার পতাকা তোলা -
আসুক ফিরে রবিঠাকুরের সুরে ভেসে যাওয়া।
বেলফুলের মালায় সাজুক চুলের ছোট খোঁপা
আসুক সেই বেলা স্কুলকে বিদায় জানানোর ব্যথা।
পথের মাঝে হঠাৎ দেখা দিদিমনিকে প্রণাম করা,
কেমন আছো -- এই প্রশ্নে মন ভার হয়ে ওঠা।
কেমন আছি এখন আর কেউ জিজ্ঞাসা করে না
কোথায় যে সব হারিয়ে গেল কেউ জানে না।

0 মন্তব্যসমূহ