পোস্ট বার দেখা হয়েছে
হে নজরুল
শাশ্বত বোস
কলমে আঁকো বিষ, শরীরে দহন জ্বালা, কাব্যে তোমার চৈতী চাঁদের গান্ধর্বী খেলা|
পৃথিবীর বুকে এখন সরিষার শিষ, ধানের আগায় বিদ্রোহের আঁচ বোনে,
সুরে ও বাণীর মালা জড়িয়ে, পরদেশী মেঘ, ঊর্মির বুকে কান পেতে শোনে,
তোমরাই জয়গান, মকবুল, হে নজরুল|
শাওন রাতে ইরানী শরাব, তোমার মরদেহে ঢালে আসমানী রং,
নদীর চরে চিকচিকে বালুকণা, বিরহী জ্যোৎস্নায় সাজে সং|
বিপ্লবী প্রেম রাঙা হয় কলঙ্কিত খুনে, ঝরানো পাতার মর্মর গানে,
সাম্য তোমার আরেক নাম, বিলকুল, হে নজরুল|
“হিন্দু না ওরা মুসলিম?” তোমার এই অভিঘাতী প্রশ্নে, এক মুঠো লালন খেলা করে|
অচিন পাখির সাকিন খোঁজো, শিরোন্নত, উন্মত্ত বীর|
তোমার সমরঘোষে ঊষর শিলায় ফাটল আসে, মেঘলা আকাশে আনে চিড়|
এই ঘুন ধরা কারার কপাট, সজোরে আছড়ে ফেল, নির্বাক বুলবুল, হে নজরুল|
ঈদের চাঁদ, আজ ধরা দেয় নববধূর সাজে, রহমতেরই পরব মাঝে,
তোমার ছোঁয়ায়, বিদ্রোহী ভৃগু, আল্লার নামে পরে নেয় ফিরদৌসী জঞ্জির|
কালো মেয়ের চরণতলে, আলোর পৃথিবী খুঁজে পায় কুমুদিনী মঞ্জির|
চির বিদ্রোহী শামসির, জানাজায় জামসেদি গজল জড়িয়ে, তবে কি তুমি আজ শান্ত? নাগমা-এ-গুল, হে নজরুল|

0 মন্তব্যসমূহ