পোস্ট বার দেখা হয়েছে
আমি সেই মেয়েমানুষ
ঝুমা মল্লিক
আমি সেই মেয়ে যার জন্ম হয়েছে বৈশাখের কোন একদিনে।
সেই দিন প্রকৃতির রঙ কেমন ছিল জানিনা।
তবুও দেখেছিলাম মেঘ বৃষ্টি আর জাদুর খেলা।
যে কথা বলতে চাওয়া।
মেয়েবেলায় পুতুল খেলা ছিল।
বিদায় বেলায় মধ্যবিত্ত বাবার চোখে ছানি ছিল।
এখন সারাবেলা আমার অকাজ,শুধুই অকাজ।
আমি কখনো নতুন শাড়ির জন্য বায়না করিনি।
জুতোর জন্য বায়না করিনি ,চিরুনির জন্য বায়না করিনি।
শুধু দেখতে চেয়েছিলাম সেই আয়না।
আমার কোন স্বপ্ন ছিলনা ।প্রেমিক ছিলনা।
আমার আছে পুত্র সন্তান,স্বামী,সংসার।
একটু আহার ,আর বেঁচে থাকার জন্য চাইছি বাহারি শড়ি।
আমি সুখ চাই না।অসুখ হলে চিৎকার করবো না।
বরং একটুকরো আকাশ দেখলে আহ্লাদ করবো।
বাতাস কে একটু প্রশ্রয় দেবো।
দেবতাকে শুধু প্রশ্ন করবো।
তবুও আমি এখনো ঘর সাজাই,ফুল সাজাই।আর প্রয়োজনে বিছানা ।
আমার এখনো চোখে কাজল,কপালে টিপ,
হাতে চুড়ি,আর পায়ে দড়ি।
তবুও আমার চেনা চালচিত্র নেই।
আমার কোন বাড়ি নেই।
আমার চেনা কোন ছবি নেই।
আমি সেই মেয়ে ,যে আজও মেয়েছেলে সাজে।
তবুও
আমার শিরদাঁড়া আছে।
একদিন জ্বলে উঠবার অঙ্গীকার আছে।
জ্বালিয়ে দেবার অভিশাপ আছে।
আজও আমি মনে প্রাণে বিশ্বাস করি।
নারীর সমান অধিকার আছে।

1 মন্তব্যসমূহ
উত্তরমুছুনঅভিনন্দন