পোস্ট বার দেখা হয়েছে
ছায়া
দেওয়ালের ছায়া পড়েছে।
সেই ছায়ায় কোনও ফাঁকফোকর নেই।
কিন্তু গাছের ছায়ার দিকে তাকিয়ে দেখ
এখানে একটু ফুটো, ওখানে ছোট্ট ফাটল–
এইসব ফুটো আর ফাটল দিয়ে রোদ্দুরও আসছে,
তবে গায়ে লাগছে না।
নির্জীব বস্তুর ছায়ায় থাকে না
কিন্তু যা-কিছু জ্যান্ত তার ছায়ায়
ফাটল থাকবেই।
তবে তাতে আরাম কমে না।
দেওয়ালের ছায়ার চেয়ে গাছের ছায়ায়
বরং
আরাম বেশি।
====
পতন
দলের মধ্যেই থাকে সে, চেপ্টে, দুমড়ে।
তারপর একসময় ফুলে-ফেঁপে ওঠে,
উঠতে থাকে ওপরে।
একা হওয়ার সেই শুরু বেলুনের।
====
গুড মর্নিং
কোনওদিন কি ভেবেছ
ভরদুপুরে মাঝে মাঝে মোরগ ডেকে ওঠে কেন?
তোমাকে এইটুকু বোঝাতে যে,
ভোর হলেই মেসেঞ্জারে সবাইকে
‘গুড মর্নিং’ লিখে পাঠিও না।
পৃথিবীর সমস্ত মানুষের জীবনে
সূর্য ভোরবেলা ওঠে না।
===
তবু
প্লেন চালানো যায় বসে বসে।
কবিতা পড়া যায় বসে বসে।
গান গাওয়া যায় বসে বসে।
স্লোগান দেওয়া যায় বসে বসে।
এমনকি কেউ কেউ দিব্যি ঘুমিয়েও নেন
বসে বসেই।
তবু মানুষ দাঁড়াতে চায়।
কারণ কেবল দাঁড়ালেই
তাকে গাছের মতো সবুজ লাগে।

4 মন্তব্যসমূহ
আহা অসাধারণ প্রতিটি লেখা 👏👏
উত্তরমুছুনসবার জীবনে সূর্য সকালেই ওঠে না ... অপূর্ব অপূর্ব
'পতন' কবিতাটি অসাধারণ
উত্তরমুছুনআবার হৃদয় টা চুরি করে নিল লেখাগুলো।♥️
উত্তরমুছুনখুব সুন্দর দাদা
উত্তরমুছুন