কবিতা | পরিতোষ জানা




পোস্ট বার দেখা হয়েছে
                                                     ছবি সংগৃহীত 


তখন ষাটের দশক
পরিতোষ জানা


তখন বিগত শতকের ষাট এর দশক,
তখন আমার আঠারো। 
স্বপ্ন গুলো ঘুম কেড়ে নিত
মনের মধ্যে হাজারো।

হাঁটি হাঁটি পা পা 
হাঁটছে স্বাধীন দেশটা
স্বপ্ন সবার আকাশ ছোঁয়া
বাড়ায় প্রাণের তেষ্টা।

কিন্তু ভোরের আলোয় দেখি
মহাজনের হাতের ছাপ,
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ
কেউ পায়নি রেহাই, মাফ্।

ধীরে ধীরে একটা প্রশ্ন
জাগলো সবার অন্তরে
"আমরা কি সত্যি স্বাধীন?
তবে,এরা কারা চাবুক মারে?

দেশী উর্দি,তবু কেন
কথা বলে বিদেশী ভাষায়?
চালচলন একই রকম
স্বাধীন দেশের পাঠশালায়?

মনের মধ্যে ধন্দ সবার
 একই প্রশ্ন সবার মনে,
কবি বললেন,সবুর করো
চলতে হবে সময় গুনে।

উত্তরটা সময় দেবে,
অপেক্ষা ছাড়া আর কি উপায়?
স্বাধীনতা নয় হাতের মোয়া
ওটা কেড়ে নিতে জানতে হয়।

সময়ের পথ ধরে ফিরে যাই
ফেলে আসা অতীতের গুহায়,
সেখানেও দেখি সকলে
এই ভাষাতেই কথা কয়।

আসলে, বিবর্তনে সভ্যতা চকচকে হোক্ যতই
বদলায়নি ক্ষমতার লোভ
শোষণের ইতিহাস একই।



একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ