পোস্ট বার দেখা হয়েছে
বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর, তোমাকে
খুঁজি—
সুবাসখানি ঝরে পড়া আকাশের উদাসী তারায় বেপথুর স্বরে
ঝিমিয়ে পড়া যূথীর আবেশে সাদামাটা রেওয়াজে নীলের পরে
টইটম্বুর সবুজ পলেস্তরার রোশনাইঘেরা একাকিত্বে
লজ্জাবতীর বালিকাবাঁশির পুলকরাতে
খুঁজি আহ্বান সেই— পিছু-ডাক
"সখি! নতুন ঘরে গিয়ে আমায় প'ড়বে কি আর মনে?
সেথা তোমার নতুন পূজা নতুন আয়োজনে!"
খুঁজি বাণী প্রকাশের— সঞ্চিতব্যথা
"মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস।"
খুঁজি বারবার—
কমল-কাঁটা বিসর্জনে
পুতুল খেলার জলে ভেসে
"খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে।"
খুঁজি বুলবুলির কন্ঠ—
উদার হওয়ার প্রত্যয়ে আপনমনে
স্নেহ-মেঘ-শ্যাম আর জোছনার আকুল আবেদনে
ইশারায় মেতে ওঠা মৌমাছিবনে
শূন্য সেই মরুভূমির কল্পলোক পেরিয়ে হলাহল ভেঙে গোপনে
খুঁজি খোশবু— অনুরাগে
সান্ত্বনার শ্বেতআভায় শিশমহলে অঙ্কুরোদগম ভাবনায়
ক্রমাগত বোবাভাষার স্ফূর্তবৃত্তে সুপ্ত উপাদানে
সদালাপী প্রতিভাধরবৃক্ষের যাত্রাপথে
সোঁদা-সোঁদা-বাস এ মাটির সুরভিতে সন্ধ্যার ঝুমুরঝুমুর বর্ষায়
হাসিভরা সঞ্চয়ে মৌরাঙা ঘ্রাণে কুহেলী-মশারির অভিমানী বিদায়ে
খুঁজি একজন—
চেতনার বাতিঘর
চড়ুইভাতির ছকবাঁধা-ঐ-চরাচরে বিচিত্রতম আনন্দমিছিলে
চলমানচিত্রে ছায়াপথে দুলে প্রেমিকের খাতায় শৃঙ্খলমুক্ত
খুঁজি
চির-উন্নত শির
খুঁজি নজরুল—

1 মন্তব্যসমূহ
অপূর্ব
উত্তরমুছুনএকরাশ মুগ্ধতা