কবিতাগুচ্ছ ~ দীপায়ন নাথ




পোস্ট বার দেখা হয়েছে

প্রেম না মোহ 

                   

ধীরে-ধীরে তোমার ভিতরে ঢুকে যাচ্ছে এক আততায়ী। তুমি জেনেও কিচ্ছুটি বলছো না। 

সে সুযোগ পেলেই;

তোমায় নিঃস্ব করছে আদিম আঘাতে। 

ওর ভিতর যে জানোয়ারটা আছে--

সে তোমার দিকে একদলা করে থুতু ছিটিয়ে দিচ্ছে । 

তুমি হারাচ্ছো তোমার অতীত -আপন- ভবিষ্যৎ কে। প্লুতস্বরে শোনা যাচ্ছে--

 ছুরি দিয়ে তোমার নলি কাঁটার গোঙানি।

 তুমি নিঃস্ব হচ্ছো ক্রমাগত। 

তবুও তুমি চুপ, নিস্পন্দ!

আততায়ীর কি নাম  দেবে প্রেম না মোহ?

=====

 বুকের পাঁজরে বাজছে সা,রে,গা,মা 

                                   

আমি বৈতরণীর জলে পোশাক ভাসিয়ে,

কামানের বারুদ মেখে উঠে দাঁড়িয়েছি।

এই প্রথম কোনো বিবস্ত্র নারী মিডিয়ার শিরোনামে নেই!

আমি সকল ধর্ষিতাদের নির্ভয়া অবচেতন।

এসো, স্পর্শ করো আমায়।


মৃত্যু লেখা হৃদপিণ্ডে শুনেছি,

চারপেয়েদের নৈশভোজের মেনুকার্ড।

তাই-তো বিচারাধীন ফুসফুসে ভরে নিয়েছি,

লাল মুরগির আগুন নিঃশ্বাস।

এসো স্পর্শ করো, ছুঁয়ে দেখো আমায়।


বুকের পাঁজরে সা,রে,গা,মা বাজাও।

সর্বাঙ্গে যে ঝলসানো মাংস রয়েছে,

ভাগ করে নাও দুভাই মিলে।

প্রমাণ করো তোমাদের আমলকী পুরুষত্ব।

এসো স্পর্শ করো, আদিম করো আমায়।


ইস্পাতকে তোমরা কেবল শীতঘুমে দেখেছো,

কামার শালায় আগুন খেতে তো দেখোনি।

নাভির নীচে স্বরলিপি লেখা,

সাহস থাকলে গন্ধর্ব হয়ে দেখাও।

এসো,স্পর্শ করো আমায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ