মায়ের ছাতায়- হরিৎ বন্দ্যোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

মায়ের ছাতায়
হরিৎ বন্দ্যোপাধ্যায়


বাবা গ্রীষ্মের দুপুরে ঝিমকি নদীর ধারে পোড়ো মন্দিরের গায়ে বটগাছের কাছে আমাদের নিয়ে যেত। গাছের ডালে বসা পাখি গুণে গুণে আমরা অঙ্ক শিখতাম। বাবা বলতেন, এ এমন এক অঙ্ক যেখানে গাছ পাখি একইসঙ্গে চিরদিন তোমার বুকের ভেতর বাসা বেঁধে থাকবে। মা এবং তার সন্তান একই ছাতার নিচে। যেদিন ঝড়ে আমাদের ঘরের চালাটা উড়ে গেল সেদিন আমরা সবাই মায়ের কাছে গেলাম। তখনও ঝড় উড়ছে। আমরা মাকে ডাকলাম। মা নেমে এসে আমাদের মাথায় হাত রাখলেন। আমরা আমাদের দুঃখের কথা মাকে বললাম, দেখালাম যন্ত্রণার দাগ। মা আমাদের বুকে হাত বুলিয়ে দিলেন। বাবা বললেন, মাকে দেখে শেখো। উনি তোমাদের সঙ্গে দেখা করার জন্যে কত নিচে নেমে এসেছেন। তবুও উনি মায়ের জায়গাতেই দাঁড়িয়ে আছেন। তোমরা সবাই মাকে ডাকো। আমরা ডাকলাম। আমাদের ডাক হয়ে গেল পাখির গান, নদীর ছলাৎছল, মাটির গন্ধ, বাতাসের শনশন। আর আস্তে আস্তে সেইসব ডাক আমাদের রক্তে মিশে যেতে লাগলো।


                       

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ